জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন জনগণের কাছে হারানো আস্থা অনেকাংশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতিও মানুষের আস্থা বেড়েছে।
তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি ত্বরান্বিত করতে কাজ চলছে।’
সিইসি আরও বলেন, প্রতিটি কাজের সাফল্য বা ফলাফলই তার মূল মাপকাঠি। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
তিনি বলেন, জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনে অর্জিত উচ্চ মানদণ্ড বজায় রেখেই স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।