আওয়ামী লীগ নেতাকে পুলিশের থেকে ছিনিয়ে নিলো কর্মীরা!
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ০)

X
সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মী ও স্বজনরা।
আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোস্তাফিজুর রহমান নিজ বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করতে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্বজনরা তাকে ছিনিয়ে নেন।
তবে ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।
নেতাকর্মীরা জানায়, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি নিচতলায় দলীয় অফিসে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার।
এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে নেতাকর্মী ও স্বজনেরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি জেল্লাল হোসেন বলেন, ‘কালীগঞ্জ থানার একটি টিম সেখানে যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মোবাইল পড়ে যায়। এটা হেফাজতে আছে। পরিবারের কেউ এলে দিয়ে দেব।’