মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগাম নোটিশ ছাড়াই ৩০ ব্যাংকের সেবা বন্ধ


অক্টোবর ৬, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় ব্যাংক ও গ্রাহকদের আগাম না জানিয়েই কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন ৩০টি বাণিজ্যিক ব্যাংকের প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা একযোগে বন্ধ হয়ে গেছে। সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।

হঠাৎ করে এটিএম, কার্ড ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। পূর্বঘোষণা ছাড়া সেবা বন্ধ হওয়ায় বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কিউক্যাশ নেটওয়ার্ক আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের অংশ হিসেবে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হয়নি। সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন হতে পারে। তবে এত বড় পরিসরে সেবা বন্ধের আগে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত ছিল। একইভাবে গ্রাহকদেরও আগাম সতর্কবার্তা বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়নি।

তিনি জানান, হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং ব্যাংকগুলোর একক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।

সেবা বন্ধ হওয়ার পর কয়েকটি ব্যাংক গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানায়। সেখানে বলা হয়, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

এই সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পিওএস টার্মিনাল ব্যবহার করা যাবে না। তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ডেবিট কার্ডের লেনদেন এবং অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস বুথের সেবা চালু রয়েছে। পাশাপাশি বাংলা কিউআর এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অর্থ স্থানান্তরও করা যাচ্ছে।

এক্সিম ব্যাংকের কর্মকর্তা মনির হোসেন জানান, সিস্টেম মাইগ্রেশনের কারিগরি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলেই সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে। এর মধ্যে জরুরি আর্থিক লেনদেনে গ্রাহকদের বিকল্প ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে কোনো সেবা সীমিত রাখা স্বাভাবিক। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা প্রায় এক সপ্তাহ বন্ধ রাখার মতো পরিস্থিতিতে গ্রাহকদের আগাম প্রস্তুতির সুযোগ দেওয়া প্রয়োজন ছিল।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});