গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিকেল ৩টার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে এ আগুনের সূত্রপাত হয়। ওই শেডে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজসহ দাহ্য সামগ্রী গুদামজাত করা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় গুদামে লোকজন তুলনামূলক কম ছিল। গুদামের ভেতরে থাকা দুই শিশুও আগুন লাগার পরপরই বের হয়ে আসে। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর নির্বাপণের কাজ চলে। বিকেল ৩টার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।’ তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।