চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া-রুদুরা ও আনোয়ারা সদর ৪ নম্বর ওয়ার্ডে এ উপহার বিতরণ করা হয়।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রাশেদ আহমেদ এবং তরুণ শিল্প উদ্যোক্তা মীর মোশারফের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা মাসুদুল আলম মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম এবং আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন।
এ সময় যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এবং সংগঠনের নেতাকর্মীদের উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
