আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

X
সংগৃহীত ছবি
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠ মাতাল আর্জেন্টিনা, তবে পুরো ম্যাচ জুড়েই স্পষ্ট ছিল আলবিসেলেস্তেদের ‘মেসি-নির্ভরতা’। দলের বাকি ফুটবলাররা যখন গোলের দেখা পাননি, তখন অধিনায়ক লিওনেল মেসির একার জোড়া গোলেই ধরা দিয়েছে এই গুরুত্বপূর্ণ জয়। আর মাঠের এই ‘মেসি ম্যাজিক’-এ উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা।
সামাজিক মাধ্যমে প্রিয় দলের জয় এবং এককভাবে মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে উল্লাস প্রকাশ করেছেন তারা। খেলার মাঠে আর্জেন্টিনার পুরো জয়টিই সম্পূর্ণ মেসি-কেন্দ্রিক হওয়ায় শোবিজ তারকাদের পোস্টেও ছিল শুধু এই মহাতারকার বন্দনা।
কনা : সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ইয়েস, আর্জেন্টিনা ভামোস। মেসি বন্দনায় মেতে ছবিটি তুলেছেন টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, যেখানে লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।
মেহজাবীন চৌধুরী : অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।
পূর্ণিমা :চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।
জাকিয়া বারী মম : অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি লিওনেল মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, গুড উইন নাই।
কেয়া পায়েল : মেসির এই অবিশ্বাস্য পারফার্মেন্সে অন্যান্যদের মতোই একরাশ মুগ্ধতা প্রকাশ করলেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মেসির একটি ছবি শেয়ার করে অল্প কথায় শুধু লিখলেন, মেসি তুমি মনটাই কেড়ে নিলা। সঙ্গে যোগ করেন চুমুর ইমোজি। এ যেন মেসি ম্যাজিকে হৃদয় হারালেন তিনি।
কেয়া পায়েলের এই পোস্টেই মেতেছেন ভক্তরা। আট ঘণ্টায় এক লাখ ২২ হাজারের ওপর ওই পোস্টে রিয়াকশন। সাড়ে ছয় হাজারের ওপরে রয়েছে মন্তব্য। এ থেকেই উপলব্দি করা যায় অভিনেত্রীর পোস্টটি কতটা মন ভড়িয়েছে তার অনুরাগীদের।
নাদিয়া আহমেদ : মেসির এই কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। সামাজিকমাধ্যমে মেসিকে নিয়ে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘গোল করতে আমাদের পেনাল্টির প্রয়োজন হয় না। সর্বকালের সেরা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।’ এদিকে, নাদিয়া নিজের একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি বলেন,আর কোন কথা হবে! লিওনেল মেসি, ভামোস আর্জেন্টিনা।
নাদিয়ার এই মন্তব্যকে অনেকেই দেখছেন মেসির পেনাল্টি মিস নিয়ে হওয়া ট্রলের সরাসরি জবাব হিসেবে। কারণ ম্যাচে পেনাল্টি থেকে ব্যর্থ হলেও খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে শেষ পর্যন্ত দুটি গোল করেছেন মেসি। ফলে সমালোচকদের মুখ বন্ধ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
পরীমনি : সামাজিকমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন পরীমনি। তবে সেখানে কোনো শব্দ ব্যবহার করেননি তিনি। কয়েকটি ইমোজিতেই প্রকাশ করেছেন নিজের অনুভূতি। পরীমনির পোস্টে ছিল আর্জেন্টিনার পতাকা, লাল হৃদয়ের চিহ্ন, প্রজাপতি এবং বিজয়সূচক ‘ভি’ চিহ্নের ইমোজি। ছোট্ট এই ইমোজির সমন্বয়েই যেন ফুটে উঠেছে তার প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা, আনন্দ এবং গর্বের অনুভূতি। আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে নিজের সমর্থনের কথা জানিয়েছেন পরীমনি।
লাল হৃদয়ের চিহ্নে প্রকাশ পেয়েছে দলটির প্রতি তার আবেগ ও ভালোবাসা। প্রজাপতির ইমোজিকে অনেকেই আনন্দ, উচ্ছ্বাস ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখেন। আর বিজয়সূচক ‘ভি’ চিহ্ন যেন আর্জেন্টিনার জয় উদযাপনেরই বার্তা বহন করছে। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেখানে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে ফুটবল হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে তাকে। জার্সির বুকে স্পষ্টভাবে লেখা রয়েছে মেসির নাম ও নম্বর। ছবিটি দেখে সহজেই অনুমান করা যায়, শুধু আর্জেন্টিনা নয়, লিওনেল মেসির প্রতিও রয়েছে তার বিশেষ অনুরাগ। ছবিটি প্রকাশের পর ভক্তরাও নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। কেউ আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ মেসির নতুন রেকর্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই পরীমনির আর্জেন্টিনা-প্রেমের প্রশংসাও করেছেন।
শরিফুল রাজ : ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।
আশফাক নিপুন : নির্মাতা আশফাক নিপুন মেসির পারফরম্যান্স নিয়ে লিখেছেন, একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে। তিনি এই বিষয়টিকে ফুটবলের ‘জমিদারী ব্যাপার স্যাপার’ বলে আখ্যা দিয়েছেন।
আরেফিন অমি : নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লিখেছেন, দল যার যার হলেও মেসি সবার।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে পুনরায় অভিনন্দন জানিয়ে মেসিকে অসাধারণ বা ‘আউটস্ট্যান্ডিং’ বলেছেন। আরেক সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থের সঙ্গে মেসির হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কথায় না কাজে! ৩ বার পড়ো মেসি, মেসি, মেসি!।
এছাড়া চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে খেলা দেখার প্রস্তুতির ছবি দিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।