জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে চিঠি দিয়ে স্থানীয় চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো একটি খামের ভেতর থেকে হুমকির চিঠিটি উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি উদ্ধার করে।
এ ঘটনায় রায়কালী ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করছিলেন দলের কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় তিনি একটি খাম দেখতে পান। খাম খুলে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
হুমকির বিষয়ে রফিকুল ইসলাম বলেন, লাল কালি দিয়ে চিঠি লেখার বিষয়টি ভীতি ছড়ানোর উদ্দেশ্যে করা হতে পারে। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এ ধরনের হুমকি দিয়ে থাকতে পারে। বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এম. ইউ. আহমেদ মোশারফ বলেন, এর আগে কখনো এ ধরনের হুমকি বা চিঠির মুখোমুখি হতে হয়নি। এ ঘটনায় তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন।
রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি উদ্ধার করেছে। এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।