অনেকেই ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করার পর ফোনের স্টোরেজ খালি করতে সেগুলো ডিভাইস থেকে মুছে ফেলেন। পরে প্রয়োজন হলে সেই ছবি বা ভিডিও আবার ফোনে সংরক্ষণ করার দরকার হতে পারে।
ইনস্টাগ্রামে নিজের পোস্ট করা ছবি ও ভিডিও সরাসরি ফোনের গ্যালারিতে সংরক্ষণ করা যায়। একইভাবে নিজের স্টোরিতে প্রকাশ করা ছবি বা ভিডিওও ডিভাইসে রাখা সম্ভব। কাজটি করার পদ্ধতি জেনে নেওয়া যাক।
পোস্ট করা ছবি ও ভিডিও ফোনে সংরক্ষণ
প্রথমে ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিচের ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইলে প্রবেশ করুন।
এরপর নিজের পোস্ট করা ছবি বা ভিডিওগুলোর মধ্য থেকে যেটি ফোনে সংরক্ষণ করতে চান, সেটি খুলুন।
পোস্টটি খোলার পর শেয়ার করার বোতামে ট্যাপ করুন। এরপর প্রদর্শিত অপশন থেকে ‘ডাউনলোড’ নির্বাচন করুন।
এতে ছবিটি বা ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে।
পোস্ট করা ছবি-ভিডিও অটো সেভ
প্রতিবার আলাদাভাবে ছবি বা ভিডিও ডাউনলোড না করেও ইনস্টাগ্রামে পোস্ট করা কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সংরক্ষণ করা যায়।
এ জন্য প্রথমে নিজের প্রোফাইলে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা মেনুতে ট্যাপ করুন। এরপর ‘ইওর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ বিভাগে গিয়ে ‘আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং’ অপশনে প্রবেশ করুন।
সেখানে ‘সেভিং টু ক্যামেরা রোল’ অপশনটি চালু করে দিলেই ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে।
স্টোরির ছবি ও ভিডিও ফোনে সংরক্ষণ
নিজের ইনস্টাগ্রাম স্টোরির ছবি বা ভিডিওও সহজেই ফোনের গ্যালারিতে রাখা যায়।
এ জন্য ইনস্টাগ্রাম অ্যাপ খুলে স্টোরি অংশের ওপরের বাঁ পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর যে স্টোরিটি সংরক্ষণ করতে চান, সেটি চালু করুন।
স্টোরিটি চালু হওয়ার পর নিচের বাঁ পাশে থাকা তিনটি বিন্দুর মেনুতে ট্যাপ করুন। এরপর ‘সেভ’ অপশনে চাপ দিলেই স্টোরির ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে।