দেশের বাজারে ঈদের আগে একই দিনে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নতুন করে ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা। এই দাম বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে দামের ক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখা গেছে। একদিকে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা বলা হলেও, অন্য অংশে আবার ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা উল্লেখ করা হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে একই দিন সকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৯ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।
