রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এতে অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
ওসি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকেও পৃথক একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।
