ভারতের উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের ডিগলিপুরের কাছে একটি পণ্যবাহী জাহাজ থেকে গুরুতর আহত এক বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ৩৬ বছর বয়সী ওই নাবিক জাহাজে পড়ে গিয়ে মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তাল সমুদ্রে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানায়, শ্রী বিজয়পুরমের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র থেকে নাবিকের বিপদের খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। খবর পেয়ে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘রাজদূত’ ডিগলিপুরের কাছে পৌঁছায়। ওই সময় সমুদ্র ছিল বেশ উত্তাল।
উদ্ধারের পর আহত নাবিককে ডিগলিপুর বন্দরে নেওয়া হয়। পরে ভারতীয় নৌবাহিনীর একটি উড়োজাহাজে করে তাকে শ্রী বিজয়পুরমে নেওয়া হয়। সেখানে জিবি প্যান্ট হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বলেছে, বিভিন্ন সংস্থার দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে আহত নাবিককে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। সমুদ্রে মানুষের জীবন রক্ষায় এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে বাহিনীটি।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ভারতের গুজরাটের কান্দলার কাছে দুটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের পর ২১ নাবিককে উদ্ধার করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
সংঘর্ষের সময় ‘এমভি কেম্যাক্স এম্পেরর’-এ ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়। জাহাজটির কার্যক্রম সচল রাখার জন্য বাকি তিনজন নাবিককে জাহাজে রাখা হয়েছিল বলে ওই কর্মকর্তা জানান।