বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট আর গণভোট; একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন?
শনিবার (২১ মার্চ) রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংসদে গণভোট ইস্যুর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করা হবে।
ঈদযাত্রা প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, ভাড়া কেলেঙ্কারি এবং সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যে জাতি লজ্জিত। তিনি বলেন, “এটি অমানবিক ও অপরাধ। সরকারের উচিত ছিল যাত্রা আরামদায়ক করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”
দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি গাজা ও ইরানের পরিস্থিতির কথাও উল্লেখ করেন এবং মজলুমদের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সকাল ১১টা থেকে কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন বিরোধীদলীয় নেতা। এছাড়া বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।
