সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন উইলিয়ামস সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ও সঞ্চালনা করেন সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।
কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা কারখানা স্থানান্তরের কারণে তাদের হয়রানি বন্ধ এবং শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধের দাবি জানান।
শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটির কর্তৃপক্ষ হঠাৎ করেই কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা সেখানে যেতে অপারগতা প্রকাশ করলে তাদের চাকরি থেকে পদত্যাগ করে চলে যেতে বলা হয়। দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাসের কারণে অনেক শ্রমিকের সন্তান স্থানীয় স্কুল-কলেজে পড়াশোনা করছে। ফলে নতুন স্থানে গিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তারা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন,শ্রমিকরা তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গেলেই হুমকি-ধামকি ও ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনাদি পরিশোধের দাবি জানান তারা।
এ সময় সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান এবং ভুক্তভোগী শ্রমিক মো. সাহজাহান ও মো. রাজা মিয়া।
কুশল/সাএ
