কাহারোলে জাতীয় ভিটামিন “এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:০৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ উপজেলার সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।