কিয়ারা আদভানি শাকিব খানের ‘মোহাব্বাত’ সিনেমায়

কিয়ারা আদভানি শাকিব খানের ‘মোহাব্বাত’ সিনেমায়

ঢালিউড মেগাস্টার শাকিব খানের হিমেল আশরাফ পরিচালিত ‘মোহাব্বাত’ নামে নতুন সিনেমায় নায়িকা হিসেবে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি প্রযোজক আরশাদ আদনানের একটি ইঙ্গিতপূর্ণ সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে। পোস্টটি প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন, ‘নেক্সট’। এর বাইরে আর কোনো ব্যাখ্যা না দিলেও পোস্টটি ঘিরে ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘কবির সিং’ খ্যাত এই অভিনেত্রীই হতে যাচ্ছেন ‘মোহাব্বাত’ সিনেমার নায়িকা।
জানা গেছে, প্রযোজকের শেয়ার করা ছবিটি আন্তর্জাতিক সাময়িকী এসকোয়ার ইন্ডিয়ার একটি ফটোশুটের। ছবিতে কিয়ারা আদভানিকে কমলা রঙের পোশাক ও রঙিন স্ট্রাইপের টপের সঙ্গে বেইজ রঙের একটি ক্যাপ পরে থাকতে দেখা যায়, যেটিতে ইংরেজিতে SOBO PERSON লেখা রয়েছে।
এর আগেও আরশাদ আদনান ও হিমেল আশরাফ জুটির নির্মিত শাকিব খানের দুটি সিনেমাতেই বিদেশি অভিনেত্রীদের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এরপর ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবারের সিনেমাতেও শাকিব খানের বিপরীতে দেশের বাইরের কোনো তারকাকে নেওয়া হতে পারে। সে সময় ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন অভিনেত্রীর নাম নিয়ে আলোচনা চলছিল।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · বিনোদন