এর পরপরই সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি তুলনা করে ক্যাটরিনার ‘ক্যারিয়ার শেষ’ বলে কটাক্ষ শুরু। এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের এই কটূক্তি ও বডিশেমিংয়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা পাকিস্তানি গায়ক-অভিনেতা আলি জাফর। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওবার্তায় আলি জাফর ক্ষোভ প্রকাশ করেছেন।
এটি নতুন কিছু নয়; এর আগেও তিনি তার দেশের অভিনেত্রী মাহিরা খানের ওপর হওয়া একই ধরনের ট্রলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে এ অভিনেতা সরাসরি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি বলেন, সমাজ নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে যেন জনসমক্ষে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলা হয়েছে।
আলি জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি। পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজস্ব তৈরি মানদণ্ডে বিচার করি। তাদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত বলে জানান এ পাক অভিনেতা।
পাক সংগীতশিল্পী বলেন, অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত। অন্যের জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। রেনেসাঁস যুগেও নারীদের সৌন্দর্যের মাপকাঠি আলাদা ছিল।