গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫১ পিএম (ভিজিট : ০)
X
নিহত আল মাহিন হাসান
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তরা বিশ্ববিদ্যালয় এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মাহিন হাসান (২২), স্থানীয় নায়ানগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক সংযোগের লাইন পরিবর্তনের কাজ করছিলেন আল মাহিন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা এবং সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, সকালে আইপিএসের লাইনে কাজ করার সময় তার ভাতিজা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সকাল ৭টায় হাসপাতালে নেওয়া হলে সে মারা গেছে বলে চিকিৎসক জানান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাকিয়া আলী বলেন, “কাপাসিয়া থেকে মাহিনকে শ্রীপুর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ”