রাজবাড়ীর গোয়ালন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস সড়ক ডিভাইডার উপর উঠে যাওয়ার ঘটনা ঘটে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে করে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কেউ উল্লেখযোগ্যভাবে হতাহত হননি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আজিজুল মণ্ডল, আলামিন মোল্লা সহ কয়েকজন জানান, সাকুরা পরিবহনের বাসটি ফেরি পার হয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে দ্রুত গতিতে চালিয়ে আসছিল। এতে করে বাসটি সজোরে স্পিড ব্রেকারে আঘাত করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রাবেয়া পরিবহনের একটি বাসকে পেছন থেকে আঘাত করে। এতে করে ওই বাসটির পেছনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সাকুরা পরিবহনটি সড়কের মাঝের আইল্যান্ডে উঠে যায়।
সাকুরা পরিবহনের যাত্রী পিরোজপুরের মঠবাড়িয়ার বঙ্কিম চক্রবর্তী জানান, তাদের চালক বেপরোয়া গতিতে সামনের গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ দূর্ঘটনাটি ঘটে। তবে যাত্রীদের কেউ বড় ধরনের হতাহত হননি।