ঈদুল ফিতরের সরকারি ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলা হবে। টানা সাত দিনের ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে আবারও কর্মচঞ্চলতা শুরু হবে।
ইতোমধ্যে ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঈদ উপলক্ষে পরিবার-পরিজন সঙ্গে সময় কাটিয়ে অনেকেই আগেভাগেই কর্মস্থলে ফিরছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত কিছুটা বিলম্বে ট্রেন ছেড়েছে, তবে দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
২০২৬ সালের ঈদুল ফিতর শনিবার (২১ মার্চ) উদযাপিত হয়। সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে ঈদের পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেকে ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এছাড়া ২৭ ও ২৮ মার্চ সপ্তাহিক ছুটি থাকায় অনেকে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন। ফলে পুরোপুরি কার্যক্রম ফেরার সময় এ সপ্তাহ কেটে যাবে।
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে মানুষ আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন। সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে। তবে ঈদের আগে যেমন ভোগান্তি বা উপচেপড়া ভিড় থাকত, এবারের ফিরতি যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে।
রেল ও লঞ্চে যাত্রীরা জানান, তারা ঈদে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নির্বিঘ্নে ঢাকা ফিরতে পেরেছেন। কমলাপুর স্টেশনে রোববার (২২ মার্চ) বিকেল থেকেই যাত্রী উপস্থিতি লক্ষ করা গেছে। নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেন বিকেলে প্রায় এক হাজার যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।
একইভাবে, সদরঘাট লঞ্চ টার্মিনালেও দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বেড়েছে। যাত্রীরা জানিয়েছেন, লম্বা ছুটিতে পরিবার ও আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দিত হয়েছেন। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেক মানুষ ঢাকায় ফিরেছেন, যারা ঈদের আগে টিকিট সংকট বা ভিড় এড়াতে ঢাকাতেই ছিলেন।
