জাল ভিসায় ইতালিতে পাঠানোর অভিযোগে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবকের কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়েছিল ওই আসামি কামাল হোসেন (৪৭)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দুই যুবককে দেশটিতে পাঠানোর আশ্বাস দেয় একটি মানবপাচার চক্র। এ জন্য প্রত্যেকের সঙ্গে ৩০ লাখ টাকা করে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, দুই যুবক অভিযুক্তদের বিভিন্ন সময়ে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা দেন।
পরিকল্পনা অনুযায়ী, গত ২৬ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইতালি যাওয়ার জন্য তাদের টিকিট ও ভিসা দেওয়া হয়। পরে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্ট, ভিসা ও টিকিট যাচাই করে। এসময় পাসপোর্ট সঠিক থাকলেও তাতে সংযুক্ত ইতালির শেনজেন ভিসা জাল বলে জানানো হয়। এরপর তাদের আটক করে ইতালির ইমিগ্রেশন পুলিশ।
দুই দিন আটক থাকার পর ২৮ মে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে ভুক্তভোগীরা ঘটনার বিস্তারিত জানান এবং এ ঘটনায় ৩০ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটিতে মানবপাচার ও অভিবাসী প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
সিআইডির এই কর্মকর্তা আরও জানান, মামলার তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কামাল হোসেনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তা কামাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা, অর্থের লেনদেন ও বণ্টনের তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-উপাত্ত যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডি। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.