মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। মতবিনিময় সভায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু দ্রুত সময়ের মধ্যে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ জনবল সংকট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এছাড়া হাসপাতালে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার প্রকৃত অবস্থা নিজ চোখে দেখতে ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে। অনেকের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনেছেন তাদের অভিযোগ ও অভিজ্ঞতার কথা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।
