ঢাকা বোট ক্লাব এর নির্বাহী কমিটি ২০২৫-২৬ এর উদ্যোগে ক্লাব সদস্য ও পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে ৩ দিন ব্যাপী ঘুড়ি উৎসব সফল ভাবে সম্পন্ন হয়েছে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে ২১ মার্চ, ঈদের দিন হতে ২৩ মার্চ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। ক্লাব সংলগ্ন খোলা মাঠে প্রতি দিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ঘুড়ি উৎসব চলে।
ঘুড়ি উৎসব সফল ভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “বর্তমানে ঢাকা শহরের জায়গা ও মাঠ সল্পতার কারণে শিশু-কিশোরেরা আউটডোর খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদন হতে বঞ্চিত হচ্ছে। ঢাকা বোট ক্লাব এর সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।” পাশাপাশি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘুড়ি উৎসবে ক্লাবের প্রেসিডেন্ট ইনচার্জ জনাব নকিব সরকার অপু উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ ঘুড়ি উৎসবে উপস্থিত থেকে সম্মানিত সদস্য ও শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।
সালাউদ্দিন/সাএ
