ঢাকা মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আমজাদ হোসেন (৫৪) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত আমজাদ হোসেন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন কোলা সৈয়দ বাড়ির জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে সে পরিবার নিয়ে রাজধানীর কাফরুল থানাধীন উত্তর কাজিপাড়া এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা-মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় র্যাব -১০ ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, র্যাব-১০ ব্যাটালিয়ন সদর দপ্তরের অনুমানিক (২০০) মিটার সামনে ঢাকামুখী লেনে ফরিদপুরের ভাংগা থেকে ছেড়ে আসা পোস্তগোলাগামী বসুমতি পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১৫-৭২৫৬) পেছন দিক থেকে একটি প্রাইভেটকার কে ধাক্কা দিলে প্রাইভেটকারটি সামনে থাকা একটি মোটরসাইকেল কে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাস্তায় পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিএনজি যোগে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে হাসনাবাদ এলাকায় পথিমধ্যে তার মৃত্যু হয়।
হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বসুমতি বাস, প্রাইভেটকার ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
