Dhakainfo24
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঢাবি ছাত্রীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ, উদ্ধার করল পুলিশ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৩, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের পরিবারের বিরুদ্ধে।

রোববার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রাম থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগী উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছিলেন।

উদ্ধারের কিছুক্ষণ আগে, রাত ১টা ২০ মিনিটে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’ নামের একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে নিজের ওপর হওয়া নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন ওই শিক্ষার্থী।

পোস্টে তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ঢাকার নীলক্ষেত কর্মজীবী নারী হোস্টেলে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় পরিবার তাকে জোর করে বাড়িতে নিয়ে যায় এবং পড়াশোনা ও ঢাকায় ফেরার পথ বন্ধ করে দেয়। ঢাকায় ফিরে যেতে চাইলে তার দুই পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এমনকি জোর করে মানসিক রোগের ওষুধ খাওয়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ওই শিক্ষার্থী আরও অভিযোগ করেন, তার বড় ভাইয়ের সঙ্গে সৎ-মায়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। তাকে মারধর করা হয় এবং বড় ভাই তার সঙ্গে অশোভন আচরণ করেন বলেও দাবি করেন তিনি। নিজেকে জীবনের ঝুঁকিতে উল্লেখ করে দ্রুত উদ্ধারের আকুতি জানান তিনি।

ঘটনাটি নজরে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যার মধ্যে ডাকসুর সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদও রয়েছেন, ঈদগাঁও থানার সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোসাদ্দিক আলী বলেন, ‘আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধার করেছে।’

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল আসাদুর বলেন, ‘আমরা শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় এনেছি। বিষয়টি বেশ জটিল। পরিবারের দাবি, তিনি মানসিক রোগে ভুগছেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। সে কারণে তাকে আটকে রাখা হয়েছিল।’

তবে প্রাথমিকভাবে তার সঙ্গে কথা বলে তাকে সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ‘তার পরিবারের দেওয়া মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশনগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। তিনি যদি সত্যিই অসুস্থ হন, তাহলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। অন্যথায় তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবারের পক্ষ থেকে দেওয়া ‘মনোজগত সেন্টার’ নামের একটি মনোরোগ চিকিৎসাকেন্দ্রের তিনটি প্রেসক্রিপশন পর্যালোচনায় দেখা গেছে, সেখানে যেসব ওষুধ উল্লেখ রয়েছে, সেগুলো সাধারণত বিষণ্নতা (ডিপ্রেশন), উদ্বেগ, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ঘুমের সমস্যা বা আচরণগত জটিলতায় ব্যবহৃত হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ওষুধ শুধুমাত্র নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে এবং সুনির্দিষ্ট রোগ নির্ণয়ের ভিত্তিতে গ্রহণ করা উচিত। অন্যথায় তা শারীরিক ও মানসিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সত্যতা যাচাইয়ে বিস্তারিত তদন্ত চলছে। একই সঙ্গে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা নিরূপণে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।