Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়। তবে অধিবেশন শুরুর সময় সংসদ কক্ষে স্পিকারের আসন খালি থাকবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্পিকার না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পিকার নির্বাচন সেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। সংসদ সদস্যরা সমর্থন করলে ওই জ্যেষ্ঠ সদস্য স্পিকারের আসনে বসে সেশন পরিচালনা করবেন। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন-এর নাম আলোচনায় রয়েছে।

সূত্র জানায়, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। স্পিকার নির্বাচনের পর অধিবেশন প্রায় ২০ মিনিটের জন্য মুলতবি থাকবে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকারকে শপথ পড়াবেন। পরে স্পিকার অধিবেশন কক্ষে ফিরে এসে কার্যক্রম পরিচালনা করবেন।

প্রথম দিনেই পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন করা হবে এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। শোক প্রস্তাবে গুরুত্ব পাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ‘জুলাই যোদ্ধা’দের অবদান। আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাইয়ের জন্য সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতেই অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারিত হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম অধিবেশনটি দীর্ঘ হতে পারে এবং এপ্রিলের শেষ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। নির্বাচনে ২০৯টি আসনে জয় পেয়েছে দলটি। অপরদিকে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো দলটি সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় আসছে। দীর্ঘদিন পর শক্তিশালী বিরোধী দল থাকায় নতুন সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।