শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৪১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরসভায় ১৫টি এবং বিভিন্ন ইউনিয়নে ২৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নন্নী ইউনিয়নে তিনটি, বাঘবেড়ে ছয়টি, রাজনগরে তিনটি, নয়াবিলে দুটি, রামচন্দ্রকুড়ায় একটি, কাকরকান্দিতে দুটি, রূপনারায়ণকুড়ায় একটি, মরিচপুরানে চারটি, যোগানিয়ায় দুটি এবং কলসপাড় ইউনিয়নে দুটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণ, রং ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও আয়োজকেরা। দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও আনুষঙ্গিক প্রস্তুতিও চলছে পুরোদমে।
এদিকে দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত পুলিশকে জানানোর জন্য আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
আয়োজকদের জানানো হয়েছে, দুর্গোৎসব ঘিরে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এদিকে প্রতিমা নির্মাণ ও মণ্ডপসজ্জার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রতিমা দর্শন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা তাঁদের।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.