Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদের আগে ও পরে গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনাই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৪ জন।

সংগঠনটি আরও জানায়, গত বছরের ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে ২৪৯ জন নিহত হয়েছিলেন। সেই তুলনায় এবার ঈদকে কেন্দ্র করে সড়কে প্রাণহানি আরও বেড়েছে।

এবারের ঈদে কয়েকটি বড় দুর্ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ২১ মার্চ রাতে কুমিল্লায় একটি বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর, ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়।

এই দুটি বড় দুর্ঘটনার পর ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে দেশে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

যদিও বেসরকারি ও সরকারি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে, তবু উভয় তথ্যেই ঈদকেন্দ্রিক সড়ক পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।

পুলিশ সদর দপ্তরের ‘রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন’ বিভাগের এক গবেষণায় উঠে এসেছে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালানো। মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশই ঘটে অতিরিক্ত গতির কারণে।

এই গবেষণায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চও অংশ নেয়। এতে বলা হয়েছে, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে বাড়তি সতর্কতা, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

তবে বাস্তব চিত্র ভিন্ন—সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের মতে, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে যে সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা বিদ্যমান।

সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হন এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হন। তবে এই পরিসংখ্যান মূলত গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর নির্ভরশীল। ফলে দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অনেক ঘটনা এতে অন্তর্ভুক্ত হয় না।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে রয়েছে—ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করা, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, ঈদকে কেন্দ্র করে বিশেষ সমন্বিত অভিযান পরিচালনা এবং দুর্ঘটনাপ্রবণ সড়ক ও মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

বিশেষজ্ঞদের মতে, শুধু দুর্ঘটনার পর শোক প্রকাশ করলেই হবে না; বরং দীর্ঘমেয়াদি ও কার্যকর সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই প্রাণহানি কমানো সম্ভব।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।