রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
আগুন লাগা বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া থেকে কুষ্টিয়া রুটে চলাচল করত।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “আমি শুনেছি একটি বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে আমার পুলিশ সদস্য গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে কিছু জানতে পারলে জানাব।”
আগুনের প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।