ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনি দলের প্রধান রত্না সিংকে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আগে আরও তিন আইনজীবীসহ তাকে আটকে রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এর আগে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটকের খবর প্রকাশিত হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে আসা কয়েকজনকে আটকের খবরও সামনে এসেছে।
টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বলা হয়েছে, রত্না সিং অভিযোগ করেছেন, তার গাড়ির চারপাশে ২৫ জনের বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। তবে তাকে আটকে রাখার কারণ স্পষ্টভাবে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
রত্না সিংয়ের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে পুলিশ তার বাড়িতে যায়। এ সময় পুলিশের কাছে আনুষ্ঠানিক নোটিশ দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি। পুলিশ তাকে বাড়িতে অবস্থান করতে বলছিল বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। তার দাবি, পুলিশ তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল না, আবার চলে যেতেও দিচ্ছিল না।
রত্না সিং বলেন, ‘আমরা আনুষ্ঠানিক নোটিশ চেয়েছি। কিন্তু তাদের কাছে কিছুই নেই। তারা বলছে, আমাকে আটক করতে চায়। আমাদের বলা হয়েছে, ওপর থেকে নির্দেশ এসেছে। তবে কারা এই নির্দেশ দিয়েছে, তা আমি জানি না।’
ধ্রুব রাঠিসহ আরও কয়েকজনকে আটকের খবর
রত্না সিংকে আটকে রাখার অভিযোগের কয়েক ঘণ্টা আগে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ধ্রুব রাঠি। এর আগে পুলিশ তাকে রাজধানীতে না যাওয়ার অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া না দেওয়ায় তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে, বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তবে এসব আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং আটকের আইনি ভিত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.