ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (২০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই হাত, দুই পা ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আরজান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে কলেজ মোড় এলাকার একটি ঝোপের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাছে গিয়ে তারা দেখতে পান, ওই যুবকের দুই হাত, দুই পা ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যরাও ঘটনাস্থলে যান।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যার পর থেকে আরজান মিয়া নিখোঁজ ছিলেন। সোমবার সকালে তার পরিবারের লোকজন হবিগঞ্জের লাখাই থানায় গিয়ে নিখোঁজের বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর নাসিরনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে মরদেহটি আরজানের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের দুই হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনার তদন্তে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।