পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ি রোড এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পর দ্রুত আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার প্রায় আধা ঘণ্টার মধ্যেই তা চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।