পদত্যাগের নির্দেশকে ‘সেরা পরামর্শ’ বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশকে ‘সেরা পরামর্শ’ বললেন ইশরাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে এযাবৎকালের সেরা পরামর্শ বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ একবাক্যে মেনে নিয়েছেন। তাঁর দাবি, সম্ভাব্য রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচার থেকে তাঁকে রক্ষা করতেই প্রধানমন্ত্রী আগেভাগে পরিস্থিতি বুঝতে পেরেছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রথমে পদত্যাগের নির্দেশকে শাস্তি মনে হয়েছিল। তবে পরে তাঁর মনে হয়েছে, একটি গণমাধ্যম ও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে লক্ষ্য করে ক্ষতিকর পরিকল্পনা সাজিয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাঁকে জনসমালোচনার মুখে ফেলার পরিকল্পনা ছিল।

ইশরাক আরও দাবি করেন, এ পরিকল্পনার মাধ্যমে তাঁর সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব তৈরি করে তাঁকে রাজনৈতিকভাবে একঘরে করার চেষ্টা হতে পারত। এমনকি তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটানোর পরিস্থিতিও তৈরি করা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে ইশরাক বলেন, তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাঁর জন্য কোনটি ভালো, তা বিবেচনায় রাখেন। জীবনে একাধিকবার এর প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে যাচ্ছিলেন। তবে সেই উদ্যোগ থেকে উদ্ভূত একটি বড় ষড়যন্ত্রের কবল থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছেন বলে মনে করছেন তিনি।

পোস্টের শেষাংশে নিজ দলের ভেতরে কেউ সুযোগসন্ধানী হয়ে ষড়যন্ত্রে যুক্ত থাকলে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক। একই সঙ্গে ঢাকার রাজনীতিতে অন্য এলাকার রাজনৈতিক কৌশল প্রয়োগের সমালোচনা করেন তিনি।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · রাজনীতি