চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে কোনো একসময় এ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর শিক্ষক-কর্মচারীরা চলে যান। রোববার সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক কম্পিউটার ল্যাব খুলে দেখেন, সেখানে কোনো ল্যাপটপ নেই। পরে দেখা যায়, জানালার গ্রিল কেটে চোরেরা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার নিয়ে গেছে।
প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ে শরিফুল ইসলাম নামে একজন খণ্ডকালীন নৈশপ্রহরী রয়েছেন। স্কুল বন্ধ থাকাকালে তার পাহারায় থাকার কথা ছিল।
উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, জানালার গ্রিল কেটে ল্যাপটপগুলো চুরি করা হয়েছে। বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোর সেটি ওপরের দিকে ঘুরিয়ে দিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনাস্থলে একটি চেয়ারের ওপর চোরের পায়ের ছাপ পাওয়া গেছে।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের পাশে পুলিশ ফাঁড়ি এবং নৈশপ্রহরী থাকার পরও কীভাবে এতগুলো ল্যাপটপ চুরি হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।