
প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের আত্মপ্রকাশ
প্যারিসে ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (৮ মে) উত্তর প্যারিসের শহরতলী ওবেরভিলিয়ে এলাকার একটি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন এই সংগঠনটির ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনটির নেতারা জানান, ফ্রান্স ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, নতুন উদ্যোক্তাদের সহায়তা দেওয়া এবং বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জুনেদ আহমেদ বলেন, ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে আগ্রহী।
তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে চান। তিনি বলেন, বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রেও আমরা ইতিবাচক উদ্যোগ নিতে চাই। প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগের ক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংবাদ সম্মেলনে শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।