“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশক নিধনের পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এতে অংশ নেন।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ফুলপুর পৌরসভার প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
পৌরসভার প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে ফুলপুর পৌরসভার উদ্যোগে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও তিনি জানান।
