দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের পর নিজের ভুল বুঝতে পেরে রেলওয়ে কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন এক নারী। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি এই টাকা জমা দেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি এই টাকা জমা দেন। রেলওয়ে সূত্রে জানা যায়, ওই নারী অতীতে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে নিয়মিত ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে টিকেট কেটে আবার কখনো বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতেন। ব্যস্ততার কারণে অনেক সময়ে টিকেট কাটা হতো না। তিনি পরবর্তীতে চাকরি জীবন শেষে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং বকেয়া টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নেন।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী নিজ উদ্যোগে টাকা জমা দিয়েছেন। ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় টাকা পরিশোধের এই ঘটনা রেলওয়ের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
এর আগেও এ ধরনের নৈতিক সচেতনতার বেশ কিছু ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে ঈশ্বরদীর একজন রেলওয়ে কর্মচারী চাকরির আগের বিনা টিকিটে ভ্রমণের কথা চিন্তা করে ১৫ হাজার টাকা জমা দিয়েছিলেন। এছাড়া একজন প্রবাসী ২০ হাজার টাকা এবং অন্য এক যাত্রী ২৫ হাজার টাকা লোক মারফত পাঠিয়ে রেলকে পরিশোধ করেছিলেন।
রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলম বলেন, সাধারণ মানুষের এমন সততা ও নৈতিক সচেতনতা রেলখাতকে আরও সমৃদ্ধ করবে। সততার এই ব্যতিক্রমী ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।