Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন। তিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এর আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানে তিনি মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী উপস্থিত ছিলেন। এটি শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ডা. জুবাইদা রহমান সম্মেলনে শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তার সফরসঙ্গী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুল রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ সকল অতিথিকে স্বাগত জানান। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গঠনে সকলে যেন অংশগ্রহণ করেন, সেই আহ্বান জানান।

ডা. জুবাইদা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন এবং শিশুদের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে একমত হন। তিনি মেলানিয়া ট্রাম্পকে গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

সমাপনী অধিবেশনে অংশগ্রহণের পর গ্রুপ ফটো সেশন ও রিসিপশনে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। এর আগে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন। অংশগ্রহণকারী বিশ্বনেতাদের প্রতিনিধিরা বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে হোয়াইট হাউসের পক্ষে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়। এসময় এক প্রশ্নের জবাবে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সকল শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্যান্য ফার্স্ট লেডি ও স্পাউসদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। 

সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডি আয়োজিত একটি বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এ ছাড়াও সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও প্রয়োগ উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান এবং তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।