ময়মনসিংহ নগরীর চরপাড়া মেডিকেল সংলগ্ন প্রধান সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে সৃষ্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সড়কের দুই পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণ করা হয় এবং একটি গাড়ি জব্দ করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯টি মামলায় মোট ৯ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অ্যাম্বুলেন্স, সিএনজি কিংবা অন্য কোনো মোটরযান অবৈধভাবে পার্কিং করা অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। তবে দীর্ঘমেয়াদে যানজট সমস্যার স্থায়ী সমাধানে জনসচেতনতা বৃদ্ধি ও সর্বসাধারণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
