Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মানুষ সুশাসিত ও সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে: কৃষিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচন হয়েছে এবং জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন মানুষের প্রত্যাশা একটাই—আর অন্যায় দেখতে চায় না, একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন।

তিনি সবসময় একটি কথাই বলেন—আমি সততা চাই। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি আরও বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন। নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মন্ত্রী বলেন, ইউসুফ মোল্লা টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কুমিল্লায় এমন সৎ, যোগ্য, মেধাবী ও মানবিক মানুষ আরও জন্ম নিক।

করোনাভাইরাস মহামারির সময় টিপুর মানবিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মহামারির সেই কঠিন সময়ে যখন অনেকেই অসহায় হয়ে পড়েছিল, তখন মানুষের পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেয়েছিল। কিন্তু টিপু এবং তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’ মানুষের পাশে দাঁড়িয়েছিল ফেরেশতার মতো। জীবন ঝুঁকির মধ্যেও তারা মানুষের সেবা করেছে। তিনি বলেন, সে সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে, অসুস্থ বা মৃত স্বজনদের পাশে পরিবারের সদস্যরাও আসতে পারেনি। কিন্তু টিপু ও তার সংগঠনের সদস্যরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন-সৎকারসহ বিভিন্ন মানবিক দায়িত্ব পালন করেছেন। বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। মানবতার এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষনপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।