Dhakainfo24
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন বিমানবাহী রণতরিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, দাবি ইরানের

ঢাকা ইনফো২৪
মার্চ ১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন বিমানবাহী রণতরিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, দাবি ইরানের

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। চারটি ক্ষেপণাস্ত্র ওই রণতরিতে আঘাত হেনেছে।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

ইউএসএস আব্রাহাম লিংকন জানুয়ারির শেষদিক থেকে আরব সাগরে অবস্থান করছে। ইরানে হামলা চালতে এই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করার পরিকল্পনা থেকে এই রণতরী মোতায়েন করে ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । ফাইল ছবি: রয়টার্স

প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হওয়া, ইরানের ওপর নয়। তিনি বলেন, ইরানের আত্মরক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

আল জাজিরাকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী ভাইদের লক্ষ্যবস্তু করে হামলা করছি না। আমরা হামলা করছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে।’

ইরান প্রতিবেশী সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচি। তিনি বলেন, তেহরানের আশা প্রতিবেশী দেশগুলো এটা বুঝতে পারবে যে, এই পরিস্থিতি ইরানের সৃষ্টি নয়। এর জন্য ইরানের দায়ও নেই। কিন্তু ইরানের আর করার কিছু নেই।

১৫: ২৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিফাইল ছবি: এএফপি

হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনা তেহরানের নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো ইচ্ছা তেহরানের নেই। এমনকি এই পর্যায়ে ‘নৌচলাচল ব্যাহত হয়, এমন কিছু করারও’ কোনো পরিকল্পনা নেই।

আল-জাজিরাকে তেহরানের এই অবস্থানের কথা জানান আব্বাস আরাগচি।

হরমুজ প্রণালির কাছে আজ দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও। ওই প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে আছে।

সূত্র: আল জাজিরা

১৪: ৪৮

আমিরাতে ৩ জন নিহত, আহত ৫৮

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো শুরু করলে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে।

কুয়েতে ১ জন নিহত, আহত ৩২ : স্বাস্থ্য মন্ত্রণালয়

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে’ এক ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে কুয়েত হামলার ঘটনায় কুয়েতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

সূত্র: আল জাজিরা

১৪: ৪৩

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানফাইল ছবি : এএফপি

ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হমলা চলবে।

আজ রোববার টেলিভশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন।প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাবো।’ তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘বিপ্লবের নেতার (আয়াতুল্লাহ আলি খামেনি) শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।’

সূত্র: আল জাজিরা

১৪: ৩০

 ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। ইসরায়েল, ১ মার্চ

ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। ইসরায়েল, ১ মার্চছবি: এএফপি

ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে নিহত বেড়ে ৮

ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ইসরায়েলের জরুরী সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।

মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বেইত শেমেশ শহরে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সূত্র: আল জাজিরা

১৩: ৫৮ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। ইসরায়েল, ১ মার্চছবি: এএফপি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৬ জন নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বেইত শেমেশ এলাকা। ইসরায়েল, ১ মার্চছবি: এএফপিইসরায়েলের বেইত শেমেশ এলাকায় উদ্ধার তৎপরতা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকা। ইসরায়েল, ১ মার্চছবি: এএফপি

মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন।

পরে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, বেইত শেমেশ শহরে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সূত্র: আল জাজিরা

১৩: ৩১মানচিত্রে হরমুজ প্রণালি ও ইরানের অবস্থানফাইল ছবি: রয়টার্স

হরমুজ প্রণালির কাছে ‘অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তুর’ আঘাতে আরেকটি  জাহাজ ক্ষতিগ্রস্ত

হরমুজ প্রণালির কাছে একটি জাহাজ ‘অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালির পূর্বে অবস্থিত একটি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত ইউকেএমটিও-র বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেলেও, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।’ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হরমুজ প্রণালির ওমান সংলগ্ন কুমজারের অদূরে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর, আজ এটি ইউকেএমটিওর পাওয়া দ্বিতীয় ঘটনা।

হরমুজ প্রণালির উভয় পাশে বহু জাহাজ আটকা পড়েছে

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য–উপাত্ত দেওয়া সূত্রগুলো থেকে জানা গেছে যে, অপরিশোধিত তেল এবং এলএনজি বহনকারী অন্তত ১৫০টি ট্যাঙ্কার হরমুজ প্রণালির বাইরে উপসাগরীয় উন্মুক্ত জলরাশিতে নোঙর ফেলেছে।

প্রণালির অপর পাশেও আরও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় রয়েছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর এই অঞ্চলটি যুদ্ধের কবলে পড়ার প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এবং মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের শিপ-ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ইরাক ও সৌদি আরবের মতো প্রধান উপসাগরীয় তেল উৎপাদনকারী এবং এলএনজি উৎপাদনকারী বড় দেশ কাতারের উপকূল সংলগ্ন এলাকায় এই ট্যাঙ্কারগুলো রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে

আরও পড়ুন

হরমুজ প্রণালি: মানচিত্র নিজেই যেভাবে অস্ত্র হয়ে উঠল

১২: ৫৫

ইরানের হামলার আশঙ্কায় মানামার হোটেল ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান বাহরাইনের মার্কিন দূতাবাসের

ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনের রাজধানী মানামা থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এবার বাহরাইনের মার্কিন দূতাবাস সে দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের মানামার হোটেলগুলো ছাড়তে আহ্বান জানিয়েছে। হোটেলগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত দূতাবাসের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, মানামার ক্রাউন প্লাজা হোটেলে একটি হামলা হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

১২: ৪০মানামায় ইরানের হামলায় একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইন, ১ মার্চছবি: এএফপি

ইরানের হামলায় মানামার হোটেল ক্ষতিগ্রস্ত: বাহরাইন

ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানামার ‘ক্রাউন প্লাজা হোটেল’ হামলার শিকার হয়েছে। এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, ‘তবে কোনো প্রাণহানি ঘটেনি’।মানামায় ইরানের হামলায় একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইন, ১ মার্চছবি: এএফপি

গতকাল বাহরাইন জানিয়েছিল, দ্বীপরাষ্ট্রটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং মানামায় তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কে এই লারিজানি

১২: ২৭উত্তর কোরিয়ার পতাকাফাইল ছবি: রয়টার্স

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা অবৈধ আগ্রাসন: উত্তর কোরিয়া

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: আল জাজিরা

১২: ০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনফাইল ছবি

খামেনি হত্যাকাণ্ড নিন্দনীয়, এটা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে। তাস জানায়, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে শোক প্রকাশ করেছেন।

সূত্র: আল জাজিরা

১১: ১৩তেহরানে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ১ মার্চ, ২০২৬ছবি: এএফপি

তেহরানের বিভিন্ন এলাকায় ‘ভয়াবহ’ বিস্ফোরণের শব্দ: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে। এসব এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাইয়্যেদ খানদান, কাসর চত্বর, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকার আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইরনার প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, তারা ইরানের রাজধানীর প্রাণকেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

১১: ০৯

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা প্রধান নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

ইরানি বার্তা সংস্থা ফারস–এর প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’

তথ্যসূত্র: ডন

১০: ৫৩আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার ঘটনায় তেহরানে এক সমাবেশে শোকাহত লাখো মানুষ। ১ মার্চ ২০২৬ছবি: এএফপি

আয়াতুল্লাহ খামেনি হত্যা: ইরানের সড়কে লাখ লাখ শোকাহত মানুষ

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। খবর আল–জাজিরা ও ডনের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্মানে ঘোষিত রাষ্ট্রীয় শোকের শুরুর দিন আজ রোববার রাজধানী তেহরান, মধ্যাঞ্চলীয় ইয়াসুজসহ বিভিন্ন শহরে মানুষ সমবেত হন। শোক কর্মসূচির অংশ হিসেবে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিওতে শোকাতুর মানুষের অনেককে বিলাপ করতে দেখা যায়।

তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের লোরেস্তান প্রদেশেও একই ধরনের শোকাবহ দৃশ্য দেখা গেছে।

১০: ১৭

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, দেশটির মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। খবর আল–জাজিরার।

কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়।

হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকম বন্দরে দুটি ড্রোন হামলা হয়েছে। এ হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন।

০৯: ৪৩করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভের খবর শুনে সেখানে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা অবস্থান নেন। ১ মার্চ ২০২৬ছবি: রয়টার্স

খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। আজ রোববার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। 

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। খবর ডনের।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।

০৯: ৩০

আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।

বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।’

মুখপাত্র আরও বলেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসন চালানোর মধ্য দিয়ে খামেনিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক বিধির স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

০৯: ১১আবদুল রহিম মুসাভি ও আজিজ নাসিরজাদেহছবি: রয়টার্স ফাইল ছবি

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। গতকাল শনিবার তাঁরা নিহত হন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইরান। 

ইরনার প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাঁদের নাম পরে প্রকাশ করা হবে।

০৯: ০১যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে হামলা হলে এমন আঘাত করব, যা আগে দেখা যায়নি : ট্রাম্প

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। খবর বিবিসির।

ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে, তারা এত জোরালো হামলা চালাবে, যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো। কারণ, যদি তারা এটা করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’

ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন।

০৮: ৪৭ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে গতকাল প্রাণঘাতী হামলা হয়। হামলার পরের উদ্ধার তৎপরতাছবি: রয়টার্স

ইরানে এক দিনে ১২০০টির বেশি বোমা হামলা: ইসরায়েল

ইসরায়েলের বিমানবাহিনী দাবি করেছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা (ইসরায়েল) ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। খবর আল–জাজিরার।

ইরানের যেসব স্থানে গতকাল হামলা হয়েছে, তার মধ্যে রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। আহত বহু মানুষ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় ডজনখানেক নিরীহ শিশু নিহত হয়েছে। এই হামলা জবাব দেওয়া হবে।

০৭: ২১

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ 

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। খবর আল–জাজিরার।

গতকাল শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।

০৬: ৫৩

দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে আজ রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  

দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। 

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। 

মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে আজ সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।

তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স ও আল–জাজিরা

০৬: ১১ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা এ খবর জানিয়েছে।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, আইআরজিসি ইসরায়েল এবং এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।

০৬: ০৩হরমুজ প্রণালিফাইল ছবি: রয়টার্স

সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: তাসনিম নিউজ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। গতকাল শনিবার রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলো।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

০৫: ২৫আলী শামখানি ও মোহাম্মদ পাকপুরছবি: এএফপি ফাইল ছবি

খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান

তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।

০৫: ০৯

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশটিকে নেতৃত্ব দেবে তিন সদস্যের একটি পর্ষদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। খবর আল–জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, একটি তিন সদস্যের পর্ষদ অস্থায়ীভাবে দেশের সবকিছুর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবে। এ তিন সদস্যের পর্ষদে থাকছেন, দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি।

০৪: ৫৪আয়াতুল্লাহ আলী খামেনিছবি: এএফপি ফাইল ছবি

কার্যালয়ে বসে কাজ করার সময় নিহত হন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ঘোষিত কাউন্সিলের এক বিবৃতি থেকে এমনটা জানা গেছে।

খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

এর আগে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে, তেহরানে লিডারশিপ হাউস কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ লিডারশিপ হাউস কমপাউন্ডই খামেনির কার্যালয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুতে এটাই প্রমাণ হয় যে তাঁর লুকিয়ে থাকার খবরগুলো ছিল ‘শত্রুপক্ষের মানসিক যুদ্ধের’ অংশ।

তথ্যসূত্র: বিবিসি

০৪: ৫১

ইরানের হুঁশিয়ারি: ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে অল্প সময়ের মধ্যে বিধ্বংসী আক্রমণ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি বিবৃতি দিয়েছে। এতে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যেই অধিকৃত অঞ্চল (ইসরায়েল) এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হতে যাচ্ছে।’

০৪: ২৯ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র রমজান মাসের প্রথম দিনে তেহরানে একটি ধর্মীয় সমাবেশে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ছবি: এএফপি

আয়াতুল্লাহ আলী খামেনি, ৩৭ বছর ইরান শাসন করা এক নেতা

১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর বাবা একজন ধর্মীয় নেতা ছিলেন। ১৯৬২ সালে খামেনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিরোধীদলীয় আন্দোলনে যোগ দিয়েছিলেন। 

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির উপ–প্রতিরক্ষামন্ত্রী হন। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) গড়ে তুলতে আলী খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ (ধর্মীয় নেতাদের একটি পর্ষদ) আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করেন; যদিও তাঁকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে। 

দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তাঁর শাসনব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সময় দেখা দেওয়া নানা চ্যালেঞ্জ তিনি কঠোর হাতে দমন করেছেন।

আরও পড়ুন

খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন

দেশের বাইরের বিষয়েও নিয়মিতভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ দেশের বিষয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলসহ অন্য পশ্চিমা দেশগুলোর কাছে তিনি কখনো মাথানত করেননি।

আলী খামেনির সময় ইরানের সাতজন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর ছয় সন্তান রয়েছে।

সূত্র: বিবিসি

০৩: ৫৯ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিছবি: রয়টার্স

খামেনির শাহাদাত বরণে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ইরানের

ইরানে হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে তাঁর স্মরণে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খবর এপির।

০২: ৫৫

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন, জানাল ইরান

আয়াতুল্লাহ আলী খামেনিফাইল ছবি: রয়টার্স

হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম ‘‘খারাপ’’ (ইভিল) ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

খামেনির পতন হলে ইরান যেসব ঝুঁকিতে পড়বে

০২: ৩৯

আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত, আহত ৭

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

এই পোস্টে সাধারণ জনগণকে গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে হালনাদাগ তথ্য সময়মতো দেওয়া হবে।

০২: ৩৫হামলা্র খবরে নিরাপদ আশ্রয়ে ছুটছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

ইরানে হামলায় ৪০ জন কর্মকর্তা নিহত: সিবিএস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি গোয়েন্দা সূত্র এবং একটি সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার বিসিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এমনকি এসব কর্মকর্তা একসঙ্গে নাকি আলাদা হামলায় নিহত হয়েছেন, সেটাও স্পষ্ট নয়।

দাবি করা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন। তবে খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেনি ইরান সরকার।

দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর।

০২: ০১সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযান পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: হোয়াইট হাউসের এক্স থেকে

০২: ০০

হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল–জাজিরা ও রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে যে, আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ দাবির সত্যতা স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’।

০১: ৩৮

দুবাইয়ের আইকনিক ‘বুর্জ আল আরবে’ ইরানি ড্রোন ভূপাতিত

আইকনিক ‘বুর্জ আল আরব’। দুবাই, সংযুক্ত আরব আমিরাতছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর ফলে সেখানে বড় অঘটন এড়ানো গেছে। হতাহত হননি কেউ।

দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তাই সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। সেটা ছিল সামান্য।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার পর ‘বুর্জ আল আরব’ হোটেল ভবনেও ইরানি ড্রোন পৌঁছে যাওয়ার খবর পাওয়া গেল।

তথ্যসূত্র: আল–জাজিরা

০০: ১৭ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া ভবনটিতে চলছে উদ্ধারকাজ। ইসরায়েলের তেল আবিবে, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

০০: ১৬

সৌদি আরব ও ইরাকের বিমানঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে। কয়েক দশক ধরে এ বিমানঘাঁটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে।

ইরাকের আল–হারির বিমানঘাঁটিতে হামলার খবরও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই ঘাঁটিও মার্কিন বাহিনীর হাতে রয়েছে। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

আরও পড়ুন

খামেনির পতন হলে ইরান যেসব ঝুঁকিতে পড়বে

২৩: ৫৮ , ফেব্রুয়ারি ২৮

কাতারে ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, আহত ৮

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান আবদুল্লাহ খলিফা আল–মুফতাহ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে দেশটিতে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আরও জানান, কাতারের দিকে অন্তত ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

এদিকে যুদ্ধাবস্থার মধ্যে কাতারের আকাশসীমা বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে নিজেদের সব ধরনের উড়োজাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার এয়ারওয়েজ। খবর আল–জাজিরার।

২৩: ৪০ , ফেব্রুয়ারি ২৮

তেল আবিবে ইরানের হামলায় একজন নিহত, আহত ২১

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাছবি: এএফপি

ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো।

আর ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য, তারা হামলায় আহত ২১ জনকে হাসপাতালে পৌছে দিয়েছে।ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর চলছে উদ্ধারকাজ। ইসরায়েলের তেল আবিবেছবি: রয়টার্স

২৩: ২৭ , ফেব্রুয়ারি ২৮

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ কথা জানিয়েছে আল–জাজিরা।

খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে গতকাল শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মিনাবের প্রসিকিউশন দপ্তর।

ওই স্কুলে শনিবার সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

স্যাটেলাইট চিত্রে ইরানের সর্বোচ্চ নেতার বাসভবনের চত্বরে হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন

২৩: ১৯ , ফেব্রুয়ারি ২৮

ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আহত ৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ঘটনায়’ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর। এ ঘটনার সময় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জনসমাগমে ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে।

ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি। খবর রয়টার্সের।

আল–জাজিরা জানিয়েছে, ইরানের হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

২২: ৫৭ , ফেব্রুয়ারি ২৮

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

ট্রাম্প আরও লিখেন, ‘এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশটিকে পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।’

তিনি বলেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায়মুক্তি (ইমিউনিটি) পাওয়ার চেষ্টা করছেন। খবর রয়টার্সের।

আরও পড়ুন

ইসরায়েলের দাবি খামেনি নিহত, ইরান বলছে ‘তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’

২২: ৪৫ , ফেব্রুয়ারি ২৮নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে।

বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, এই সামরিক পদক্ষেপ এমন এক ধারাবাহিক ঘটনার সূচনা করতে পারে, যা শেষ পর্যন্ত কারও নিয়ন্ত্রণে থাকবে না। বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলটিতে এ ঝুঁকি অত্যন্ত গুরুতর বলেও মন্তব্য করেন তিনি।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ নেতৃত্বের কয়েকজনের নিহত হওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, তবে এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

তিনি জানান, ইরানে প্রায় ২০টি শহরে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। খবর আল–জাজিরার।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানে হামলা করল

২২: ২৩ , ফেব্রুয়ারি ২৮

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবরের বিষয়ে এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমরা মনে করছি, এটা সঠিক খবর।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানজুড়ে হামলা চালায়। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর– বাসভবনের চত্বরে ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্র মনে করছে ইসরায়েলের এক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের শীর্ষ নেতাদের মধ্যে পাঁচ থেকে ১০ জন নিহত হয়েছেন।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি আর ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’ বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।

এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’।

তথ্যসূত্র: রয়টার্স

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি কোনগুলো

২২: ১৩ , ফেব্রুয়ারি ২৮

ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন, ইরানে চালানো শনিবারের সামরিক অভিযানে দেশটির সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ দাবি করেন।

ইসরায়েলের দাবি করা নিহতের তালিকায় রয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা। এর আগে ২০২৫ সালের জুনে তেহরানে আলী শামখানির বাসায় হামলা হয়েছিল। ওই যাত্রায় বেঁচে যান তিনি।

শনিবারের নিহতের তালিকায় আরও আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর—দাবি ইসরায়েলের সামরিক মুখপাত্রের।

তথ্যসূত্র: আল–জাজিরা

আরও পড়ুন

যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

২০: ২৮ , ফেব্রুয়ারি ২৮ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিফাইল ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, নেতানিয়াহু সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছেন।

এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, তিনি যত দূর জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে এ কথা বলেন আরাগচি।

১৯: ০৭ , ফেব্রুয়ারি ২৮তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর উদ্ধার তৎপরতা। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছে।

রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র আরও বলেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরাতেহরানে হামলা বিধ্বস্ত একটি ভবন। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

আরও পড়ুন

স্যাটেলাইট চিত্রে ইরানের সর্বোচ্চ নেতার বাসভবনের চত্বরে হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন

১৮: ৫৮ , ফেব্রুয়ারি ২৮তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাড়ি। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে।

তারা এই অভিযানকে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ইরানের বেশ কয়েকটি স্থানে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮: ২৩ , ফেব্রুয়ারি ২৮তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালাচ্ছে।

এর আগে আজ শনিবার সকালে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছেড়েছে তেহরান।

সূত্র: আল জাজিরা

১৭: ৩৫ , ফেব্রুয়ারি ২৮তেহরানে হামলায় বিধ্বস্ত পুলিশের স্থাপনা। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

ইরানে জিমনেসিয়ামে হামলা, নিহত ১৫ জনের বেশি

ইরানের লামের্দ শহরের একটি জিমনেসিয়ামে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের ফারস নিউজ এজেন্সি এ কথা জানিয়েছেন।

ফারসের খবরে বলা হয়, ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় শিশুরা খেলছিল এবং অনেকেই জিমনেসিয়ামে ব্যায়াম করছিলেন।

আল জাজিরা হতাহতের সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র–ইসরায়েল কেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হামলার নিশানা করছে

১৭: ২৩ , ফেব্রুয়ারি ২৮ইরানের মিনাব শহরের স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলছবি: এএফপি

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫জনে দাঁড়িয়েছে।

ওই স্কুলে আজ সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

১৭: ১২ , ফেব্রুয়ারি ২৮সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশে ক্ষেপণাস্ত্রের মতো বস্তু দেখা যায়ছবি: এএফপি

আমিরাতের দুবাইয়ে ৪ জন আহত

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় এক ‘ঘটনায়’ চারজন আহত হয়েছেন। দুবাই সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কিভাবে ওই ‘ঘটনা’ ঘটেছে তা উল্লেখ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, তাৎক্ষণিকভাবে জরুরী বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যায় আজ দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের মতো বস্তু দেখা যায়। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

১৬: ৫৯ , ফেব্রুয়ারি ২৮

কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণ

উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।

আজ ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

১৬: ৫২ , ফেব্রুয়ারি ২৮তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয় ইরানিরা। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

হামলার মধ্যেই তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে আজ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তেহরানের রাস্তায় নেমে এসেছে যুক্তরাষ্ট্র–ইসরায়েলিবিরোধী বিক্ষোভ করেছেন ইরানিরা।

এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা যায়। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি নিয়ে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মধ্যে নারী–শিশু উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয় এই নারী। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্সজাতীয় পতাকা হাতে নিয়ে তেহরানের সড়কে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভ। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্সইরানের শীর্ষস্থানীয় নেতাদের ছবি ও জাতীয় পতাকা নিয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন ইরানিরা। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

ইরানের রেডক্রিসেন্ট জানিয়েছে, দেশটির ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে শুধু দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে দুটি হামলায় ৭০ জন নিহত হয়েছে।

১৬: ২৪ , ফেব্রুয়ারি ২৮চীনের জাতীয় পতাকাফাইল ছবি: এএফপি

যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন, বলেছে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে; সংলাপ পুনরায় শুরু করতে হবে।

সূত্র: আল জাজিরা

১৬: ১৩ , ফেব্রুয়ারি ২৮

ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট

ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন যে, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।

আজ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরমোজগান প্রদেশেই পৃথক দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

১৬: ০৯ , ফেব্রুয়ারি ২৮

এক কোটি বাসিন্দাকে তেহরান ছাড়তে বলেছে সুপ্রিম কাউন্সিল, সড়কে  তীব্র যানজট

রাজধানী তেহরান থেকে বেরিয়ে যাওয়ার সড়কগুলোতে তীব্র যানজট, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের প্রদেশগুলোর দিকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান এক্সপ্রেসওয়েগুলোতে জ্বালানি সরবরাহ করাসহ মানুষের যাতায়াত সহজ করার চেষ্টা করছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানীর প্রায় ১ কোটি বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

১৫: ৫৯ , ফেব্রুয়ারি ২৮

ইরানের হরমোজগান প্রদেশে দুই হামলায় অন্তত ৭০ জন নিহত

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাব ও জাস্কে পৃথক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস। এর মধ্যে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়েই নিহত হয়েছে ৫৩ জন শিক্ষার্থী।

হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধানের বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি জানায়, পৃথক ওই হামলায় অন্তত ৭০ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন।

মিনাব শহরের বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। সেখানে আজ সকালে হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হতাহতের এই সংখ্যাগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

১৫: ৪৮ , ফেব্রুয়ারি ২৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি

আমি একটি নিরাপদ জাতি চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি নিরাপদ জাতি চান ও জনগণের স্বাধীনতা চান। আজ শনিবার ওয়াশিংটন পোস্টকে তিনি এ কথা বলেন।আজ দিনের শুরুতে তাঁর রেকর্ড করা ভিডিও বার্তার পর এটিই প্রথম সরাসরি মন্তব্য।

ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমি একটি নিরাপদ জাতি চাই, এবং সেটাই আমরা পেতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু জনগণের স্বাধীনতা চাই।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স জানিয়েছিল, ট্রাম্প আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে কখন তিনি ভাষণ দেবেন, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: আল জাজিরা

১৫: ৩১ , ফেব্রুয়ারি ২৮ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহছবি: প্রেস টিভি

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ‘নিহত’: রয়টার্স

ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

১৫: ০৫ , ফেব্রুয়ারি ২৮মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কিছবি: মার্কিন সিনেটের ওয়েবসাইট থেকে

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’, বললেন মার্কিন সিনেটর

মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়। এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি আরও বলেন, ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।

মার্কি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন। এমনকি (গত জুনে) তাঁর অবৈধ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করা হয়েছে বলে দাবি করার পরও ইরানের হুমকি আসন্ন—এটা বলেই যাচ্ছেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

১৪: ৪৭ , ফেব্রুয়ারি ২৮

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে ইরান

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় লক্ষ্য করে হামলা চলবে।

আজ সকাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

১৪: ১২ , ফেব্রুয়ারি ২৮

আরও ক্ষেপণাস্ত্র প্রতিহত করল আমিরাত

উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আরও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার এ কথা জানিয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান উপসাগরীয় দেশ আমিরাত, কাতার, জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সূত্র: আল জাজিরা।

১৩: ৪৭ , ফেব্রুয়ারি ২৮ইরানের মিনাব শহরের স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও থেকে ছবিটি নেওয়া হয়েছেছবি: এএফপি

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।

ইরনা খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে।ইরানের মিনাব শহরের স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলছবি: এএফপি

স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। সূত্র: আল জাজিরা।

১৩: ৪২ , ফেব্রুয়ারি ২৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভফাইল ছবি: রয়টার্স

ইরানে হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করে করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রে লাভরভ। সূত্র: আল জাজিরা।

১৩: ৩৬ , ফেব্রুয়ারি ২৮

কাতারে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে

কাতারের রাজধানীতে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অব্যাহত রেখেছে।

কাতারসহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে কাতারের রাজধানীর দোহার উপকণ্ঠে একটি আবাসিক এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সূত্র: আল জাজিরা।

১৩: ২৮ , ফেব্রুয়ারি ২৮স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করলেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত “একতরফা” সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সানচেজ আরও বলেন, তিনি ইরান সরকার এবং রেভল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডকেও প্রত্যাখ্যান করেন।

তিনি আরও যোগ করেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।’

সূত্র: আল জাজিরা

১৩: ০১ , ফেব্রুয়ারি ২৮

ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ হয়েছে: ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের ‘শত শত সামরিক স্থাপনায় হামলা’ চালিয়েছে। বিশেষ করে ইরানের পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারও।

ইসরায়েল সামরিক বাহিনী ইরান থেকে আসা পাল্টা হামলা প্রতিরোধে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

১২: ৫৬ , ফেব্রুয়ারি ২৮

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০

ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।

ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

১২: ৫১ , ফেব্রুয়ারি ২৮

ইরানে হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানে চলমান হামলা অব্যাহত রাখবে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশ পথে ও সমুদ্র পথে ‘ব্যাপক’ হামলা চালানো অব্যাহত রাখবে। তিনি বলেন, এই মুহূর্তে হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সীমিত রয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হচ্ছে।

১২: ৩০ , ফেব্রুয়ারি ২৮মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইরানের স্থাপনা। এএফপির দেওয়া এই ছবিটির স্থানের নাম উল্লেখ করা হয়নি

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ কথা জানিয়েছে। এর আগে জানানো হয়েছিল, মিনাব শহরের ওই বিদ্যালয় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হন।

সূত্র: আল জাজিরামার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইরানের স্থাপনা। এএফপির দেওয়া এই ছবিটির স্থানের নাম উল্লেখ করা হয়নি

১২: ২৫ , ফেব্রুয়ারি ২৮

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান ‘কিছুক্ষণ আগে’ ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েল।

এতে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর কিছুক্ষণ আগে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এই মুহূর্তে, ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।

ইসরায়েলের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তাই জনসাধারণকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

১২: ১৫ , ফেব্রুয়ারি ২৮সৌদি আরবের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

বাহরাইন কাতার জর্ডান ও কুয়েতে হামলার নিন্দা সৌদি আরবের

বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

রিয়াদ বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। রাষ্ট্রের সার্বভৌমত্বের ‘অবিরাম লঙ্ঘন’ অব্যাহত থাকলে এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ ইরানের হামলা চালানোর পর ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। সূত্র: আল জাজিরা।

১২: ০৪ , ফেব্রুয়ারি ২৮দিমিত্রি মেদভেদেভফাইল ছবি: এএফপি

ইরানে হামলা চালিয়ে ‘আসল চেহারা’ দেখিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে। এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্র মেদভেদেভ।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। তিনি বলেন, ‘শান্তিরদূত আরও একবার নিজের আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে যত আলোচনা সবই ছিল অভিযান আড়াল করার কৌশল। এ নিয়ে কারো কোনো সংশয় নেই। কেউ সত্যিকার অর্থে কোনো কিছুতে একমত হতে চায়নি।’

সূত্র: আল জাজিরা

১১: ৪৮ , ফেব্রুয়ারি ২৮মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সারা বিশ্বেই ফ্লাইট চলাচলে বিপর্যয় নেমে আসতে পারে।প্রতীকী ছবি: এএফপি

আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা–পাল্টা হামলার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার।

উদ্ভূত পরিস্থিতিতে কাতার ভিত্তিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা কাতার এয়ারওয়েজ তাদের দোহা থেকে ছেড়ে যাওয়া ও দোহাগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেওয়া বিবৃতিতে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যখন স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে, ফ্লাইট সময়সূচিতে বিলম্ব দেখা দেবে বলেই আমাদের ধারণা।’

১১: ৩৮ , ফেব্রুয়ারি ২৮

ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৫ শিক্ষার্থী

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরে এ হামলা হয়েছে বলে জানানো হয়। খবর আল–জাজিরার।

ইরানের একাধিক সংবাদ সংস্থায় সাইবার হামলা

ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাসহ একাধিক নিউজ ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।

আল–জাজিরা বলেছে, ইরনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখনো সচল আছে। তবে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

১১: ৩৫ , ফেব্রুয়ারি ২৮

আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন। খবর আল–জাজিরার।

এ হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।

১১: ১৫ , ফেব্রুয়ারি ২৮টার্কিশ এয়ারলাইনসের কয়েকটি উড়োজাহাজফাইল ছবি: রয়টার্স

বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা এবং তেহরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। খবর আল–জাজিরার।

এ পরিস্থিতিতে তুরস্কের বেসরকারি বিমান পরিবহন সংস্থা টার্কিশ এয়ারলাইনস তাদের কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানগামী সব ফ্লাইট বাতিল করেছে।

১১: ০৪ , ফেব্রুয়ারি ২৮যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিছবি: এএফপি

আয়াতুল্লাহ খামেনি সরকারকে উৎখাত করতে ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের

ইরানের বর্তমান ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় তিনি ইরানিদের এ সুযোগ (ইসরায়েল–মার্কিন হামলা) কাজে লাগিয়ে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পরামর্শ দেন। খবর বিবিসির। 

ট্রাম্প বলেন, ‘আমাদের অভিযান শেষ হলে আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই হবে। আগামী কয়েক প্রজন্মের মধ্যে সম্ভবত এটাই আপনাদের জন্য একমাত্র সুযোগ।’

এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ করে, তবে তাদের ‘ক্ষমা’ করা হবে। অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।

এর আগে জানুয়ারির শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের ঘটনায় ট্রাম্প দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। মানবাধিকার কর্মীদের দাবি অনুযায়ী, ওই বিক্ষোভে অন্তত ৬ হাজার ৪৮০ জন নিহত হন। সেই সময় ট্রাম্প বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘সহায়তা আসছে’।

১০: ৩০ , ফেব্রুয়ারি ২৮বিস্ফোরণের পর বাহরাইনের রাজধানী মানামায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছেছবি: রয়টার্স

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ

ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। 

এদিকে উপসাগরীয় ওই তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।  

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামা ও জাফায়ায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।

মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

১০: ১৪ , ফেব্রুয়ারি ২৮ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিছবি: রয়টার্স

ইরানে হামলার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা সেই মার্কিন রাষ্ট্রদূত হাকাবির

ইসরায়েলে নিযুক্ত বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। হাকাবি একজন কট্টর ‘খ্রিস্টান জায়নবাদী’ হিসেবে পরিচিত। খবর আল–জাজিরার।

গত সপ্তাহে হাকাবির এক মন্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তাদের সীমানা বিস্তার করে, তবে তা ‘ঠিকই’ হবে।

সেই ইসরায়েলপন্থী ‘খ্রিস্টান জায়নবাদী’ হাকাবি ইরানের বিরুদ্ধে এই হামলা শুরু করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

১০: ০৩ , ফেব্রুয়ারি ২৮

কাতার ও বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার এবং বাহরাইনে অবস্থান করা মার্কিনদের সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে। খবর আল–জাজিরার।  

কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে উভয় দেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে নিরাপত্তা সতর্কতা ‘শেল্টার–ইন–প্লেস’ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে।

বাহরাইনে মার্কিন দূতাবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তাদের নাগরিকদের সতর্ক করে বলা হয়, ‘আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখুন।’

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করে বলা হয়েছে, আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি জিনিসপত্রের মজুত রাখুন।

সতর্কতামূলক এ নির্দেশনায় আরও বলা হয়েছে:

–প্রদর্শনী বা বিক্ষোভ এড়িয়ে চলুন, নিজের পরিচয় গোপন রাখুন এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন।

–স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে নজর রাখুন; যেন নতুন খবর পান এবং প্রয়োজন অনুযায়ী নিজের পরিকল্পনা বদলানোর জন্য প্রস্তুত থাকুন।

–আপনার ফোনে চার্জ রাখুন এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন; যাতে তাঁরা আপনার অবস্থা সম্পর্কে জানতে পারেন।

০৯: ৩৯ , ফেব্রুয়ারি ২৮তেল আবিবে হামলার সতর্কতামুলক সাইরেন বাজার পর মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ছবি: এএফপি

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। খবর আল–জাজিরার। 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা।’

ইতিমধ্যে, কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে। 

০৯: ২০ , ফেব্রুয়ারি ২৮তেহরানে বিস্ফোরণের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ছবি: রয়টার্স

তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হয়েছে। খবর আল–জাজিরার।

তেহরানে হামলার শিকার হওয়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো হলো– 

গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা

পারচিন সামরিক স্থাপনা

০৯: ১২ , ফেব্রুয়ারি ২৮ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানফাইল ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। খবর আল–জাজিরার।

এর আগে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

০৯: ০১ , ফেব্রুয়ারি ২৮ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

০৯: ০০ , ফেব্রুয়ারি ২৮

ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প, লক্ষ্য ইরানের হুমকি বন্ধ করা 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি শাসকদের হুমকি থামিয়ে দেওয়াই যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার লক্ষ্য।

ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানে একটি বড় যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো মার্কিন জনগণকে রক্ষা করা এবং ইরানি শাসকদের হুমকি বন্ধ করা।’ খবর আল জাজিরার।

০৮: ৪৮ , ফেব্রুয়ারি ২৮

ইরানের পাঁচটি শহরে হামলা

ইরানের সংবাদমাধ্যম বলেছে, শনিবার ইরানের পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শহরগুলো হলো, তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ।

সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর বিবিসির।

০৮: ৪২ , ফেব্রুয়ারি ২৮

ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান: ইরানি কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।

ওই কর্মকর্তা বলেছেন, ইরান ভয়াবহ জবাব দেবে।

০৮: ৩৬ , ফেব্রুয়ারি ২৮

তেহরানের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত 

ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। দ্রুত ইন্টারনেট ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।

০৮: ৩৩ , ফেব্রুয়ারি ২৮

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

০৮: ২৪ , ফেব্রুয়ারি ২৮

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে: মার্কিন কর্মকর্তা 

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান চালিয়েছে।

০৮: ২২ , ফেব্রুয়ারি ২৮

ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা 

ইরানের পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি বন্ধ থাকবে। দেশটির সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

০৮: ২০ , ফেব্রুয়ারি ২৮

খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাঁকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

আজ শনিবার রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরানে আজ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।

০৮: ১৯ , ফেব্রুয়ারি ২৮ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের আকাশে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারিছবি: এএফপি

০৮: ০৪ , ফেব্রুয়ারি ২৮

তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার তেহরানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে। তবে এসব বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।