যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উদ্দেশে ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য তৈরি থাকুন’ এমন বার্তা দেওয়া একটি নতুন প্রচারণামূলক পোস্টার ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর শৈলী অনুসরণে তৈরি পোস্টারটিতে ‘মি. সিং’ নাম ব্যবহার করে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটি পোস্টারটিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে আখ্যা দিয়ে এফবিআইয়ের তদন্ত দাবি করেছে। একই সঙ্গে পোস্টারে ‘ট্রান্সফর্মার্স’ সিরিজের ব্যবহার নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।
বিষয়টির নিন্দা জানিয়েছেন ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলা। তিনি এটিকে সিং পদবিধারী মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন। নিজের দাদা ও প্রপিতামহের যুক্তরাষ্ট্রে কর্মজীবনের ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে তিনি সরকারের এমন প্রচারণাকে বর্ণবাদী ও নিচু মানসিকতার পরিচয় বলে অভিহিত করেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই উদ্যোগ তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির প্রচারণার অংশ। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের দেশে ফেরার যাত্রা খরচের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার ৬০০ ডলার দেওয়ার কথা রয়েছে। সূত্র: টাইমস নাউ