
ছবি: প্রতিনিধি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। প্রায় ২০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে আয়োজিত এ র্যালিতে শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় জমকালো উৎসবমুখর পরিবেশ ও ফুটবল উন্মাদনা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনি মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, গায়ে ছিল দলের জার্সি। ব্যানার-ফেস্টুন নিয়ে তারা আনন্দমুখর পরিবেশে শোডাউনে অংশ নেন। এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে ছিল নানা আয়োজন। পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, আতশবাজি ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সমর্থকেরা আর্জেন্টিনার প্রতি নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। র্যালির সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আর্জেন্টিনা সমর্থকদের সমবেতো কণ্ঠে উচ্চারিত স্লোগানগুলো শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে এবং ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
শোডাউনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি ক্যাম্পাসে ফুটবল উৎসবের আবহ তৈরি করতেই তাদের এ আয়োজন। তারা আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
র্যালি শেষে শিক্ষার্থীরা ছবি তোলা, আড্ডা এবং বিশ্বকাপ নিয়ে আলোচনায় মেতে ওঠেন। বিকেলজুড়ে চলা এ আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় আর্জেন্টিনা সমর্থকদের এক মিলনমেলায়। বিশ্বকাপের আবহে এমন আয়োজন ক্যাম্পাসে ফুটবল সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।