যেন স্বপ্ন সত্যি হচ্ছে ম্যাথেউস কুনহার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম (ভিজিট : ০)

X
ব্রাজিল ফরোয়ার্ড ম্যাথেউস কুনহা।
হাইতির বিপক্ষে জোড়া গোলের পর স্কটল্যান্ডের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন ম্যাথেউস কুনহাা। বিশ্ব মঞ্চে আলো ছড়িয়ে যেন স্বপ্ন সত্যি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র হওয়া প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না কুনহা। ইগো জেসুসের জায়গায় দ্বিতীয়ার্ধে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি তিনি।
হাইতির বিপক্ষে শুরুর একাদশে ফিরে ঝলক দেখান কুনহা, জোড়া গোল করে ৩-০ ব্যবধানের জয়ে রাখেন বড় অবদান। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানের জয়ে করলেন এক গোল। আসরে সব মিলিয়ে তিন গোল করলেন কুনহা। তার চেয়ে বেশিবার জালের দেখা পেয়েছেন কেবল চার জন।
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ২০০২ সালের পর প্রতি আসরে লাতিন আমেরিকার দেশটি যে আশা নিয়ে খেলে, সেটা এবার পূরণের সম্ভাবনা দেখছেন কুনহা,‘ এটা যেন স্বপ্ন সত্যি হচ্ছে। প্রথম ম্যাচ কঠিন ছিল, পরের ম্যাচ ভালো ছিল, আর এই যেন আরও ভালো হলো। আমি বিশ্বাস করি, আমরা উন্নতি করছি এবং আমরা লক্ষ্য পূরণের জন্য আমাদের সবটুকু দেব- সেটা হলো আমাদের ষষ্ঠ শিরোপা। ’
বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল নিজেদের পাঁচ শিরোপার শেষটি জিতেছিল ২০০২ সালে, জাপান-দক্ষিণ কোরিয়া আসরে। এরপর আর ফাইনালে যেতে পারেনি ব্রাজিল।