Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে শর্ট সার্কিটের আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

ঢাকা ইনফো২৪
মার্চ ৫, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সামুদাফৎ এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পরিবারের আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সামুদাফৎ গ্রামের বাসিন্দা হাসেম হাওলাদারের মেয়ে আলেয়া বেগমের ঘরে হঠাৎ বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরে থাকা তার ভাই আলি আশরাফের বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুটি ঘরই পুড়ে যায়।


আলেয়া বেগম জানান, প্রতিদিনের মতো তিনি সকালে ছাগলকে ঘাস খাওয়াতে বাইরে গিয়েছিলেন এবং পাশের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। তখন ঘরে সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন, আগুনে ঘরের ভেতরের সব আসবাব ও মালামাল পুড়ে গেছে। তার দাবি, আগুনে তাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


অপর ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলাম বলেন, তিনি ঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ছেলের কাছ থেকে আগুনের খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে দেখেন, চারদিকে মানুষের ভিড় আর পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ। আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই; সবই আগুনে ছাই হয়ে গেছে।


এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের তদন্ত প্রয়োজন।


তিনি আরও বলেন, রাঙ্গাবালীতে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা দেরি হয়েছে। চূড়ান্ত কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তদন্ত শেষে মতামত দেবে।


আমারবাঙলা/এসএবি

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।