রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় আমুরের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। দুর্ঘটনার পর আহত ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ক্রাসনোইয়ারোভো এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির ক্রুরা আবাসিক এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেসের একটি তদন্ত কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
টিইউ-৯৫ সোভিয়েত আমলের চার ইঞ্জিনের কৌশলগত বোমারু বিমান। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং রাশিয়ার দীর্ঘপাল্লার সামরিক বহরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিমানটির প্রথম উড্ডয়ন হয় ১৯৫২ সালে এবং ১৯৫৬ সালে এটি সামরিক বাহিনীতে যুক্ত হয়।
আমুর অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তিন্দার কাছে একটি আন্তোনভ এএন-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ আরোহীর সবাই নিহত হন।