নওরোজ ইরানি সৌর বর্ষপঞ্জী অনুযায়ী উদযাপিত ইরানি নববর্ষ, যা ‘পারস্য নববর্ষ’ নামেও পরিচিত। পার্সিয়ান, কুর্দি, লুর, বালুচি ও আজারি জনগোষ্ঠীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব।
নওরোজ উপলক্ষে ইরানের নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মস্কো-তেহরান সম্পর্কের দৃঢ়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
শনিবার (২১ মার্চ) পাঠানো এক বার্তায় পুতিন বলেন, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে পাশে থাকবে।
রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের তথ্যমতে, পুতিন তার বার্তায় ইরানি জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় মস্কো তেহরানের পাশে রয়েছে এবং এই কঠিন সময় অতিক্রমে তাদের সাফল্য কামনা করে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে মস্কোতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, যা একই বছরের অক্টোবরে কার্যকর হয়। ২০ বছর মেয়াদি এই চুক্তিতে প্রতিরক্ষা, অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
কুশল/সাএ
