একসময় বাড়ির আঙিনায় কিংবা বাগানে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছের ডাব ছিল অনেকটা অবহেলিত সম্পদ। যথাযথ পরিচর্যার অভাবে গাছেই নষ্ট হতো অনেক ডাব, আর ন্যায্য দাম না পাওয়ায় গৃহস্থদেরও ছিল না তেমন আগ্রহ। সময় বদলেছে। সেই অবহেলিত ডাবই এখন উপকূলীয় জনপদের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। গাছ থেকে ডাব সংগ্রহ, কেনাবেচা, ফড়িয়াদের হাত ঘুরে আড়তে পৌঁছানো, এরপর ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ- সব মিলিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় গড়ে উঠেছে বড় এক বাণিজ্যিক নেটওয়ার্ক।
স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, শুধু চরফ্যাশনেই ডাব বেচাকেনাকে ঘিরে বছরে প্রায় শতকোটি টাকার লেনদেন হচ্ছে। এখানকার বাগানের ডাব যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বাড়তি চাহিদা ও ভালো দাম পেয়ে গাছের পরিচর্যায় আগ্রহী হচ্ছেন গৃহস্থরা। একই সঙ্গে ডাব বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কর্মসংস্থান, বাড়ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়, সচল হচ্ছে গ্রামীণ অর্থনীতির চাকা।
তীব্র গরমে তৃষ্ণা মেটাতে প্রাকৃতিক পানীয় হিসেবে ডাবের পানির চাহিদা দীর্ঘদিনের। পাশাপাশি হাসপাতাল ও রোগীদের জন্যও ডাব কেনেন অনেকে। মানুষের খাদ্যাভ্যাসে প্রাকৃতিক পানীয়ের গুরুত্ব বাড়ায় বাজারে ডাবের কদরও বেড়েছে। আর এই চাহিদাকে পুঁজি করে চরফ্যাশনের নারিকেল ও ডাবের বাণিজ্য দিন দিন বিস্তৃত হচ্ছে।
নারিকেল গাছ এখন আয়ের অন্যতম উৎস:
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চরফ্যাশনের শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে প্রায় ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে নারিকেল গাছ রয়েছে। প্রতি হেক্টরে ১২০ থেকে ১৫০টি গাছ এবং সঠিক পরিচর্যায় প্রতিটি গাছ থেকে বছরে গড়ে ১৫০ থেকে ১৬০টি পর্যন্ত ডাব পাওয়ার তথ্য দিয়েছে কৃষি বিভাগ।
একসময় বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেক গৃহস্থ নারিকেল গাছের পরিচর্যায় তেমন গুরুত্ব দিতেন না। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। ডাবের বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় গাছের পরিচর্যা, পোকামাকড় দমন এবং সময়মতো ডাব সংগ্রহে মনোযোগী হচ্ছেন তাঁরা। ফলে বাড়ির আঙিনা কিংবা বাগানে থাকা নারিকেল গাছই হয়ে উঠছে পরিবারের বাড়তি আয়ের উৎস।
এর উজ্জ্বল উদাহরণ দুলারহাটের নীলকমল ইউনিয়নের আলাউদ্দিন মাস্টার। কয়েক বছর আগেও তাঁর বাগানের পাঁচ শতাধিক নারিকেল গাছের নিয়মিত পরিচর্যা করা হতো না। ফলে পোকামাকড় ও ইঁদুরের আক্রমণে নষ্ট হতো অনেক ডাব। কিন্তু বাজারে ভালো দাম পাওয়ায় এখন বাগানের পরিচর্যায় মনোযোগী হয়েছেন তিনি। বর্তমানে শুধু ডাব বিক্রি করেই বছরে অতিরিক্ত ৬ থেকে ৮ লাখ টাকা আয় করছেন বলে জানা গেছে।
একইভাবে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চর মানিকা এলাকার রফিজল মোল্লা। বাড়ির আশপাশে থাকা দুই শতাধিক নারিকেল গাছের ডাব বিক্রি করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন তিনি। সেই আয় থেকে সঞ্চয় করে ইতোমধ্যে ১০ শতাংশ জমি কিনেছেন। ভবিষ্যতে আরও জমি কেনার স্বপ্ন দেখছেন এই গৃহস্থ।
এভাবে চরফ্যাশনের অনেক পরিবারের কাছে নারিকেল গাছ এখন শুধু পারিবারিক প্রয়োজন মেটানোর উপকরণ নয়, বরং আর্থিক সচ্ছলতা অর্জনের সম্ভাবনাময় সম্পদ। সঠিক পরিচর্যা ও বাজারের চাহিদা কাজে লাগাতে পারলে একটি বাগান থেকেই নিয়মিত আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
কলমির মোড়ে ডাবের জমজমাট বাজার:
চরফ্যাশনের ডাব বাণিজ্যের অন্যতম কেন্দ্র কলমির মোড়। এখানকার আড়তগুলোতে প্রতিদিন চলে ডাব কেনাবেচা, বাছাই ও দেশের বিভিন্ন মোকামে পাঠানোর প্রস্তুতি। ডাবের মৌসুমে এসব আড়ত ঘিরে বাড়ে কর্মব্যস্ততা। গৃহস্থের বাগান থেকে সংগ্রহ করা ডাব একাধিক হাত ঘুরে পৌঁছে যায় দেশের বড় বড় বাজারে।
স্থানীয় আড়তদার মো. কবির হোসেন জানান, ফড়িয়ারা গৃহস্থদের কাছ থেকে প্রতি জোড়া ডাব ১৫০ থেকে ১৬০ টাকায় সংগ্রহ করেন। পরে তা আড়তদারদের কাছে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করেন। তিনি নিজেই প্রতি সপ্তাহে প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকার ডাব দেশের বিভিন্ন মোকামে পাঠান।
তার ভাষ্য অনুযায়ী, চরফ্যাশনে তার মতো প্রায় ৪০ থেকে ৫০ জন আড়তদার রয়েছেন। তাদের প্রত্যেকের মাসিক বেচাকেনা গড়ে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত। এসব ডাবের বড় অংশ সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন শহরের বাজারে।
এই বাণিজ্যের প্রতিটি ধাপেই জড়িয়ে আছে মানুষের শ্রম ও জীবিকা। বাগানমালিক ডাব বিক্রি করে অর্থ পাচ্ছেন, সংগ্রহকারীরা পাচ্ছেন মজুরি, ফড়িয়ারা করছেন কেনাবেচা, আড়তদাররা সামলাচ্ছেন বিপণন, আর পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা ডাব পৌঁছে দিচ্ছেন দূরদূরান্তের বাজারে। ফলে ডাবের বাণিজ্য শুধু কয়েকজন ব্যবসায়ীর লাভের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রামীণ জনপদের নানা শ্রেণি-পেশার মানুষের আয়-রোজগার।
অনলাইন বাণিজ্যে নতুন সম্ভাবনা:
প্রচলিত আড়তকেন্দ্রিক ব্যবসার পাশাপাশি ডাব বিক্রিতে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কেউ কেউ গড়ে তুলছেন অনলাইনভিত্তিক ব্যবসা। বাগান থেকে তাজা ডাব সংগ্রহ করে অনলাইনে অর্ডার নিচ্ছেন তাঁরা। পরে ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।
এতে ডাব বিপণনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। প্রচলিত বাজারব্যবস্থার বাইরে সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি তরুণদের জন্য সৃষ্টি হচ্ছে স্বনির্ভর হওয়ার সম্ভাবনা।
তবে এ ব্যবসাকে আরও বিস্তৃত করতে পরিবহন খরচ নিয়ন্ত্রণ, সময়মতো সরবরাহ, পণ্যের মান বজায় রাখা এবং নির্ভরযোগ্য বিপণনব্যবস্থা গড়ে তোলা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে অনলাইনভিত্তিক ডাব বাণিজ্যও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মানসম্মত ডাব উৎপাদনে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ:
চরফ্যাশনের ডাবের আকার, পানির পরিমাণ ও স্বাদের কারণে দেশের বিভিন্ন বাজারে এর চাহিদা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, এখানকার ডাব আকারে বড় হওয়ার পাশাপাশি পানির পরিমাণ ও মিষ্টতার জন্যও পরিচিত।
তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ, বালাই ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ নারিকেল চাষ সম্প্রসারণে সহায়তা করছে।
সংশ্লিষ্টদের মতে, চরফ্যাশনের ডাব বাণিজ্যের এই সম্ভাবনাকে দীর্ঘমেয়াদে কাজে লাগাতে হলে পরিকল্পিত বাগান ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ, উন্নত জাতের চারা রোপণ এবং আধুনিক বিপণনব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ডাবের সরবরাহ, পরিবহন ও বাজারজাতকরণে দক্ষতা বাড়ানো গেলে উৎপাদকদের ন্যায্য দাম নিশ্চিত করার সুযোগও বাড়বে।
ডাব বাণিজ্য ঘিরে বদলের হাতছানি:
চরফ্যাশনের ডাব বাণিজ্য এখন আর কেবল গাছ থেকে ডাব পেড়ে বিক্রির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি হয়ে উঠছে উপকূলীয় জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাড়ির আঙিনার নারিকেল গাছ থেকে শুরু করে বড় আড়ত ও দেশের দূরবর্তী বাজার-প্রতিটি ধাপেই তৈরি হচ্ছে আয় ও কর্মসংস্থানের সুযোগ।
সঠিক পরিকল্পনা, কৃষি বিভাগের সহায়তা এবং আধুনিক বাজারব্যবস্থার সমন্বয় ঘটানো গেলে এই বাণিজ্যের পরিধি আরও বাড়তে পারে। তাতে উপকূলের গৃহস্থ ও কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি লাভবান হবেন ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক ও তরুণ উদ্যোক্তারাও।
একসময় অবহেলায় পড়ে থাকা ডাব আজ চরফ্যাশনের বহু পরিবারের কাছে সম্ভাবনার প্রতীক। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নারিকেল চাষ ও ডাব বাণিজ্যকে আরও সংগঠিত করা গেলে দক্ষিণাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.