
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, শিবিরের জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
বক্তারা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল বারী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, সাইফুল বারীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, সাঘাটা উপজেলার বোনারপাড়া কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাইফুল্লাহ বারী নিহত হন এবং সালাউদ্দিন নামে একজন আহত হন।
শিবির নেতা হত্যাকাণ্ডের অভিযুক্ত যুবদল নেতা মুকুলকে ইতোমধ্যে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে সন্ধ্যা ৭টার দিকে দেয়া আগুন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাত ১০টার দিকে নিয়ন্ত্রনে নেয় ফায়ার সার্ভিস।