Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শ্রীপুরে তরুণকে হত্যা করে লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, গ্রেপ্তার ৬

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক তরুণকে হত্যা করে তাঁর লাশ আগুনে পুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে শ্রীপুর উপজেলার টেংরা এলাকার বৃন্দাবন মোড়সংলগ্ন শিশুপল্লী থেকে নগর স্বাস্থ্যকেন্দ্রগামী পাকা সড়কের উত্তর পাশে আগুনে পোড়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশের ভাষ্য, লাশটির গলায় পোড়া কাপড় পেঁচানো ছিল এবং গলায় চন্দ্রাকৃতির একটি দাগ দেখা যায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের হাতের আঙুল পুড়ে যাওয়ায় আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় পরে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) লিখিত অভিযোগের ভিত্তিতে ১ মার্চ হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা হয়।

মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই মো. লালচাঁন মিয়াকে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) এর নেতৃত্বে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাকে নিয়ে একটি আভিযানিক দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা ইমরান হাসান (২৪) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), কামাল হোসেন (৩২), রুহানুল ইসলাম রুহান (২৩) ও আকবর (২৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমরান হাসান জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেন। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীপুরের মুলাইদ এলাকার বাসিন্দা নাজমুল একটি সমিতি পরিচালনা করতেন। ওই সমিতি থেকে আতিকুর রহমান নিজের নামসহ পরিবারের সদস্যদের নামে লক্ষাধিক টাকা ঋণ নেন। পরে ঋণের টাকা পরিশোধ না করে তিনি পরিবারসহ আত্মগোপনে চলে যান।

পুলিশের দাবি, পরে আসামিরা আতিকুর রহমানের অবস্থান শনাক্ত করে তাঁকে ধরে এনে শ্রীপুরের মুলাইদ এলাকায় নাজমুলের বাড়িতে আটকে রাখেন। গত ২৭ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ৭টার মধ্যে কোনো একসময় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহটি কাঁঠালপাতা ভর্তি একটি বস্তার মধ্যে ঢুকিয়ে যানবাহনে করে টেংরা এলাকার ওই স্থানে নিয়ে যাওয়া হয়। পরে বস্তার ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ইমরান হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় তাঁকে প্রধান করে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি সার্বক্ষণিক কাজ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। প্রথমে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই অপর আসামিকেও গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, ঘটনাটি প্রথমে একেবারেই ক্লুলেস ছিল। তবে প্রযুক্তিগত সহায়তা ও পুলিশের নিজস্ব কৌশল ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন করা হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও পুলিশ সুপারের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।