গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রীপুরের স্মৃতিসৌধ ‘৭১’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দিবসটির অন্যতম আকর্ষণ ছিল শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শৃঙ্খলাবদ্ধ পরিবেশনায় দেশাত্মবোধের আবহ তৈরি করে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরাঙ্গনাদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংসদ সদস্যের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শ্রীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রীপুরবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বীর শহীদদের আত্মত্যাগ।
